মৌলভীবাজারে নিখোঁজের পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নে নিখোঁজের পর ছালেহ আহমদ (বুলু) নামের এক সিএনজি অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারাইনপুর সংলগ্ন খোঁজারগাও (চনবাড়ী) এলাকার একটি ধানের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত ছালেহ আহমদ (বুলু) সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের করম উল্লাহপুর গ্রামের মৃত নছিম মাস্টারের ছেলে।
 
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাত থেকে ছালেহ আহমদ (বুলু) নিখোঁজ ছিলেন। স্বজনরা রাতভর ও পরদিন মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সম্ভাব্য নানা স্থানে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নারাইনপুর সংলগ্ন খোঁজারগাও (চনবাড়ী) এলাকার একটি ধানের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
 
খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর মূল কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।