তাওহীদ হৃদয়ের অনাকাঙ্ক্ষিত চোটের ধাক্কা আর সাদমান ইসলামের সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকার অপেক্ষা, সব মিলিয়ে মিরপুর টেস্টের প্রথম দিনটি নিজেদের অনুকূলেই রাখল বাংলাদেশ। উইন্ডিজ পেসারদের শুরুর নিয়ন্ত্রিত স্পেল আর প্রথমার্ধের প্রাথমিক ধাক্কা সামলে স্বাগতিকদের ইনিংসের সুর বেঁধে দেন ওপেনার সাদমান ইসলাম।
দ্বিতীয় দফায় আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ থাকার পর বাংলাদেশ সময় প্রায় পৌনে পাঁচটার দিকে ঘোষণা আসে দিনের খেলা শেষের। সেখানে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান।
দেড় বছরেরও বেশি সময় পর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির সুবাস পেতে পেতে আলোর স্বল্পতায় আপাতত থমকে যায় তার অনন্য পথচলা। অন্যদিকে, ব্যাটিংটা সামলে পর তীব্র গরমে ক্রাম্পের শিকার হয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয়েছে হৃদয়কে। তবে এই ছোটোখাটো হতাশাগুলোর ভিড়েও মিরপুরের মন্থর উইকেটে পুরো দিনজুড়েই ব্যাটিং আধিপত্য বজায় রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল উইন্ডিজদের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। ৭ রান করে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় স্কোরবোর্ডে তখন কেবল ৯ রান। এরপর প্রাথমিক চাপ সামলে মুমিনুল হককে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন সাদমান। সেখানে সফলও হয়ে যান দুজনে। গড়েন ৫৯ রানের জুটি। তবে ব্যক্তিগত ২৮ রানে মুমিনুল ও আর দ্বিতীয় সেশনের শুরুর দিকে ১৯ রান করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরে গেলে ১১২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল দল।
সেখান থেকে টেস্টের আসল রূপ দেখিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সাদমান। এক প্রান্ত আঁকড়ে ধরে ধৈর্য ও মেধার এক অনন্য নজির স্থাপন করেন তিনি। সঙ্গী হিসেবে দুর্দান্ত খেলে দলের স্কোরকে নিরাপদ স্থানে নিয়ে যান হৃদয়। চতুর্থ উইকেটে এই দুজনে গড়েন মূল্যবান ৮৮ রানের এক জুটি।
তবে ইনিংসের শেষভাগে এসে বড় এক ধাক্কা খায় দল। বাঁ পায়ের ব্যথায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন ৮৪ বলে ৪২ রান করা হৃদয়। তিনি রিটায়ার্ড হার্ট হওয়ার পর ক্রিজে নামেন লিটন দাস। অন্যপ্রান্তে সাদমান যখন সেঞ্চুরির একেবারে দোরগোড়ায়, ঠিক তখনই মিরপুরের আকাশে মেঘের আড়ালে আলো কমতে শুরু করে। দুই দফায় খেলা বন্ধ হওয়ার পর আম্পায়ারদের আলোকস্বল্পতার ঘোষণায় শেষ হয় প্রথম দিনের খেলা। মাঝে খেলা হয়েছিল ৪ ওভার।
এতে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। ২১৯ বলে ১০ চারে ৯৯ রানে অপরাজিত আছেন সাদমান আর লিটন অপরাজিত আছেন ১০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩ (সাদমান ৯৯*, হৃদয় ৪২(রিটায়ার্ড হার্ট) মুমিনুল ২৮, নাজমুল ১৯; ওয়ারিক্যান ২/৩৩, সিলস ১/১৪)