একসময়ের দাপুটে অভিনেতা সমু চৌধুরী এখন মানসিক ভারসাম্য হারিয়ে দেশের বিভিন্ন স্থানে শুয়ে-বসে দিন কাটাচ্ছেন। কখনও কখনও মারপিটেরও শিকার হতে হচ্ছে টিভি, মঞ্চ ও সিনেমার জনপ্রিয় শিল্পীকে। সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরছে তার অসংখ্য ভিডিও। কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ছে অনলাইনে। অনেকে তাকে নিয়ে তৈরি করছেন ব্লগ, ছড়িয়ে দিচ্ছেন সমু চৌধুরীর অসংলগ্ন কথাবার্তা। সমু চৌধুরীর এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। তার পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছেন সহকর্মীরা।
সম্প্রতি সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমে জানান, কয়েক বছর ধরেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সমু চৌধুরী। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তারা। অভিনেতার এমন কঠিন সময়ে পাশে দাঁড়াল অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানালেন, সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, 'সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তার পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আমরা সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তার পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।'
প্রথম থেকেই সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি পর্যবেক্ষণ করছে অভিনয়শিল্পী সংঘ। প্রায় তিন বছর আগে সমু চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সে সময় সংগঠনটির সদস্যরা ছুটে গিয়েছিলেন তার পাশে। রাশেদ মামুন অপু বলেন, ‘প্রথম থেকেই আমরা সমু চৌধুরীর পাশে আছি। গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে শিল্পী সংঘ থেকেই ওনাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সে সময়ই আমরা চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নিতে চেয়েছিলাম। কিন্তু তার পরিবার সে সময় রাজি হয়নি।’