সংবিধান সংশোধন কমিটির বৈঠকে গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠকে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং শহিদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়েছে। এ সময় গুম প্রতিরোধ, বিচারব্যবস্থা শক্তিশালী করা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন অংশ নেন।

বৈঠকে গত ১৭ বছরে নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং শহিদ পরিবারের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা সংবিধান সংশোধনের মাধ্যমে গুম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গুমের শিকার ব্যক্তিদের স্বীকৃতি, অগ্রাধিকার ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য হিসেবে সংসদ সদস্য সানজিদা ইসলাম, হুমাম কাদের চৌধুরী, আনিছুর রহমান ও মোছা. তাহসিনা রুশদী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা নির্যাতনের শিকার হওয়া এবং আইনগত সুরক্ষা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার বিষয়গুলো বৈঠকে তুলে ধরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।