মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান তুলে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে স্বস্তির দিনের শেষটা ঘিরে জমে উঠেছে এক নাটকীয় আবহ। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে দাঁড়িয়ে যখন ব্যাট করছিলেন ওপেনার সাদমান ইসলাম, ঠিক তখনই আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন। ফলে ৯৯ রানে অপরাজিত থেকে এক রাতের দীর্ঘ অপেক্ষায় মাঠ ছাড়তে হয়েছে এই বাঁহাতি ওপেনারকে।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটারদের ইনিংস বড় করতে না পারা এবং সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় দলের ড্রেসিংরুমের অনুভূতির কথা তুলে ধরেন অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। তিনি বলেন, “আমরা পুরো দলই আসলে নার্ভাস। সবাই চাচ্ছিলাম যেন ওর সেঞ্চুরিটা হয়ে যায়। প্রায় ৩০টার মতো টেস্ট খেলে মাত্র ২টি সেঞ্চুরি, আমার মনে হয় এই সংখ্যাটা আরও বেশি হওয়া উচিত ছিল। আশা করব এটা হলে সে আরও বুঝতে পারবে সেঞ্চুরি মারতে কী করতে হয়।”
একই সাথে অভিজ্ঞ মুমিনুল হকের সাম্প্রতিক ব্যাটিং ধরণ নিয়ে পরামর্শ দিয়ে কোচ জানান, রান পেলেও সেঞ্চুরির দেখা না পাওয়ার সমস্যা থেকে উত্তরণের পথ অভিজ্ঞ মুমিনুলকেই খুঁজে বের করতে হবে।
তবে দিনশেষে বাংলাদেশকে ভালো অবস্থানে দেখলেও ম্যাচের ভবিষ্যৎ নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দীন। পিচ থেকে বোলারদের জন্য সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, “এই টেস্টে যেকোনো মুহূর্তে নাটকীয় কিছু ঘটে যেতে পারে বা মোড় ঘুরতে পারে। অনেক কিছুই নির্ভর করছে আমরা কীভাবে দ্বিতীয় দিন খেলা শুরু করি এবং প্রথম সেশনটা কীভাবে ব্যাটিং করি।”
দ্বিতীয় দিনে হৃদয়ের মাঠে নামার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ব্যাটিং কোচ যোগ করেন, “আশা করছি সে আগামীকালের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং স্বাভাবিকভাবে ব্যাটিং করতে পারবে। এই টেস্টের ফলাফলের বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে আগামীকাল দুই দল কীভাবে খেলা শুরু করে এবং নিজেদের অবস্থান ধরে রাখতে পারে তার ওপর।”