মায়ের মৃত্যুর বেশ কয়েক ঘণ্টা পার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন চিত্রনায়িকা পপি। ফেসবুকে মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। পপি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আম্মার বিদেহী আত্মার শান্তি কামনায়, সবাই দোয়া করবেন।’
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পপির সৎ মা মরিয়ম বেগম ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। হঠাৎ গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করেন। গত ১৪ অক্টোবর দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এমন অবস্থায় রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
হাসপাতালে উপস্থিত তার ছেলে-মেয়ের সিদ্ধান্তে প্রথমে বাদ ফজর নিকেতনের মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশবাহী ফ্রিজিং ভ্যান গ্রামের বাড়ি খুলনার উদ্দেশে রওনা হয়েছে। আজকেই তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরিয়ম বেগমকে দাফন করার কথা রয়েছে।
এই মায়ের বিরুদ্ধেই পপি বলেছিলেন, টাকা কামানোর মেশিন হিসেবে তাকে ব্যবহার করেছেন মা। কয়েক বছর আগে আড়াল ভেঙে বেরিয়ে এসে গণমাধ্যমের কাছে অত্যন্ত আক্ষেপের সঙ্গে অভিনেত্রী জানান যে, তিনি দীর্ঘ ৩০ বছর কঠোর পরিশ্রম করে পরিবার চালিয়েছেন। কিন্তু তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে কেবল একটি 'টাকা কামানোর মেশিন' বা 'টাকা ছাপানোর মেশিন' হিসেবেই ব্যবহার করেছেন। তার নিজের কষ্টের কথা তারা কখনো বোঝার চেষ্টা করেনি। পপি তার মায়ের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘সৎমা কখনও আপন হয় না’। তিনি উল্লেখ করেন যে, ক্যারিয়ারের শুরুতে যাকে তার পাশে দেখা যেত বা যিনি তাকে সিনেমায় আসতে সাহায্য করেছিলেন, তার দেওয়া মানসিক আঘাত এবং ট্রমা তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি।