কৃষি ও এসএমই খাতে ২৭ উদ্যোক্তাকে ২ কোটি ৭০ লাখ টাকা বিতরণ

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমের প্রচার ও বাস্তবায়ন নিয়ে পাবনায় টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ২৭ জন কৃষি ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার (এসএমই) মধ্যে ২ কোটি ৭০ লাখ টাকার ঋণ মঞ্জুরিপত্র ও চেক বিতরণ করা হয়।

বুধবার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অগ্রণী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম এবং পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হারুন অর রশিদ। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার স্কিম কৃষি ও এসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব স্কিমের সুবিধা সম্পর্কে উদ্যোক্তাদের অবহিত করা এবং বাস্তবায়ন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পাবনা শাখা ও অগ্রণী ব্যাংক পিএলসির পাবনা আঞ্চলিক কার্যালয় লিড ব্যাংক হিসেবে সভাটি সমন্বয় করে।

সভায় পাবনা অঞ্চলে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর কর্মকর্তা ও ব্যবস্থাপক এবং তিন শতাধিক কৃষি ও এসএমই উদ্যোক্তা অংশ নেন। এ ছাড়া পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।