চকরিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে শিশুসহ নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কার চালকসহ আরও দুইজন। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি।
 
বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় চিরিঙ্গা হাইওয়ে থানার অদূরে বরইতলীর আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, চট্টগ্রামের ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকার (স্থায়ী ঠিকানা বরিশাল) সুমন মিয়ার মেয়ে মাইশা আক্তার (১০) এবং চাঁদপুরের হাইমচর থানার গাজীনগর গ্রামের আমিনুল হকের স্ত্রী ইসমত আরা (৫৫)।
 
আহতরা হলেন, চট্টগ্রামের হালিশহরের কবির কোম্পানির বাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে ও প্রাইভেট কারচালক আশিকুর রহমান (২৭) এবং চাঁদপুরের হাইমচরের গাজীনগর গ্রামের আমিনুল হকের ছেলে সম্রাট (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারগামী দ্রুতগতির স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এতে কারের ভেতরে থাকা চালকসহ ছয়জন গুরুতর আহত হন।
 
স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মাইশা আক্তার ও ইসমত আরা মারা যান। পরে আহত আশিকুর রহমান ও সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম ফরহাদ বলেন, দুর্ঘটনায় প্রাইভেট কারের চালকসহ ছয়জন ছিলেন। তাদের মধ্যে তিন নারী, দুই পুরুষ ও একজন শিশু ছিল। দুর্ঘটনায় এক শিশুসহ দুই নারী ও দুই পুরুষ গুরুতর আহত হন। তাদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।