জাবির ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। তবে এ বছর বিভাগীয় পর্যায়ে নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে বুধবার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডেপুটি রেজিস্ট্রার জানান, আগে একাডেমিক কাউন্সিলে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর সে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফি সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী সভায়। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও এখনো বাকি রয়েছে। তাই ফি পরিবর্তনের বিষয়ে আপাতত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, এ বছর ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।