কারিনার চমক

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। এবার সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে কারিনা কাপুর খানের সঙ্গে তার বিশেষ নাচের খবর। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে শাহরুখ ও কারিনাকে দেখা যাবে জমকালো একটি নাচের গানে। গত ২৭ অক্টোবর মুম্বাইয়ে গানটির শুটিং শুরু হয়েছে।

‘রাওয়ান’ সিনেমায় ‘চাম্মাক ছাল্লো’ গানের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন এই জুটি। নতুন গানেও সেই জনপ্রিয় গানের আবহ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। গানটিতে আন্তর্জাতিক নৃত্যশিল্পীদেরও যুক্ত করার কথা রয়েছে। কোরিওগ্রাফির দায়িত্বে আছেন বৈভবী মার্চেন্ট। তবে গানটির বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি নির্মাতারা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মা। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ছবিটির।