মানুষের ভালোবাসায় আমি সবসময়ই সিক্ত হয়েছি

‘চাঁদনী’খ্যাত চিত্রনায়িকা শাবনাজের জন্মদিন আজ। বিশেষ কোনো ঘটা করে আয়োজন না থাকলেও পারিবারিকভাবেই নিজেদের মতো করে দিনটি উদযাপন করছেন তিনি। জন্মদিনে সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এই তারকা।

১৯৯১ সালে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে নাঈমের বিপরীতে অভিনয়ে অভিষেক ঘটে শাবনাজের। পারিবারিক নাম সাবরিনা তানিয়া হলেও ‘চাঁদনী’ হয়েই তিনি জয় করেছিলেন কোটি দর্শকের মন। এ জুটির হাত ধরেই ঢাকাই চলচ্চিত্রে তারুণ্যের জোয়ার শুরু হয়, যার ধারাবাহিকতায় পরবর্তী সময় সালমান শাহ-মৌসুমী ও সালমান-শাবনূর জুটির উত্থান ঘটে।

‘চাঁদনী’র পর নাঈমের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দেন ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’ ও ‘টাকার অহংকার’-এর মতো জনপ্রিয় ছবি। ১৯৯৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। শিবলী সাদিকের ‘মায়ের অধিকার’, হাফিজ উদ্দিনের ‘আঞ্জুমান’ ও তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ‘মায়ের অধিকার’ ছবিটিতে সালমান শাহর সঙ্গে তার জুটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ১৯৯৬ সালে আলমগীরের ‘নির্মম’ সিনেমায় অভিনয় করে তিনি সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি শাবনাজ শুরু থেকেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। ১৯৯৬ সালের ১ ডিসেম্বর রেডক্রিসেন্ট ব্লাড সেন্টারে প্রথম রক্তদানের মাধ্যমে তিনি মানবসেবায় নিজেকে যুক্ত করেন, যা আজও অব্যাহত রয়েছে।