পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিনটি পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষায় ৪৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ৩০ জন, নার্স (হেলথ কেয়ার সেন্টার) পদে ১২ জন এবং অফিস সহায়ক (ট্রেজারার কার্যালয়) পদে ৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৩ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার দক্ষতা পরীক্ষা কক্ষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিন দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলরের মহোদয়ের কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে, নার্স (হেলথ কেয়ার সেন্টার) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২ প্রার্থীর মৌখিক পরীক্ষা একই দিন সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া অফিস সহায়ক (ট্রেজারার কার্যালয়) পদে উত্তীর্ণ ছয় প্রার্থীর মৌখিক পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। উভয় পদের মৌখিক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেওয়া প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের সব মূল শিক্ষাগত সনদ, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে রেজিস্ট্রার কার্যালয়।