নদী ও উপকূলীয় জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে সাত দেশের ১২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
গত ২৫ থেকে ২৯ অক্টোবর পটুয়াখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি বেইস অগ্রযাত্রায় ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশ নৌবাহিনীর দুই সদস্য এবং কোস্ট গার্ডের দুই সদস্যসহ বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীরা নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনা এবং মানব পাচার প্রতিরোধের বিষয়ে প্রশিক্ষণ নেন।
কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, বিসিজি বেইস অগ্রযাত্রার কমান্ড্যান্টসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী বাহিনীগুলোর অভিযান পরিচালনার দক্ষতা বাড়বে। পাশাপাশি নদী ও উপকূলীয় জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে বিভিন্ন দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।