বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত

বরিশাল নগরীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর সদর রোডে জগন্নাথ মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে সদর রোডের জগন্নাথ মন্দিরে যান সজল কুমার চক্রবর্তী। মন্দির থেকে বের হওয়ার পরপরই দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সজল কুমার চক্রবর্তীসহ মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

পরে মন্দিরের আশপাশে থাকা লোকজন আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সকাল ৮টা ৫ মিনিটে আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।