ঠাকুরগাঁও-০১ আসনে উপনির্বাচনে ভোটকেন্দ্রে ব্যাপক ‘অনিয়ম, কারচুপি, বলপ্রয়োগ ও জালভোটের’ অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ‘ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া হয়েছে এবং বহু ভোটার কেন্দ্রে গিয়ে দেখতে পেয়েছেন "তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে"। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষমতাসীন দলের পক্ষে প্রশাসন ও নির্বাচন কমিশন "নির্লজ্জ ব্যর্থতার" পরিচয় দিয়েছে ‘
‘বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক’ সৃষ্টির তীব্র নিন্দা জানান তিনি।
নির্বাচন কমিশনের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এর আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে ৯ দফা দাবি ও সুনির্দিষ্ট অভিযোগ পেশ করা হলেও কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অনেক কেন্দ্রে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের গলায় কোনো আইডি কার্ড বা ব্যাচ ছিল না, যা "সম্পূর্ণ বিধি লঙ্ঘন"।
এমনকি ভোটারদের ব্যালট দেওয়ার আগেই মুড়িতে পোলিং অফিসারের স্বাক্ষর ও সিল দিয়ে প্রস্তুত রাখার মাধ্যমে "পরিকল্পিত জালভোটের পথ প্রশস্ত করা হয়েছে" বলে অভিযোগ করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রকাশ্য দলীয় পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি ‘অবিলম্বে এই অনিয়ম ও প্রশাসনের হুমকি-ধামকি’ বন্ধের দাবি জানান। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ শেষ হওয়ার অবশিষ্ট সময়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই উপনির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে আগামী দিনের নির্বাচনগুলো নিয়ে মানুষের আস্থা চিরতরে হারিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং একজন সাবেক বিমান কর্মকর্তার নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।