‘পেড্ডি’ বিতর্কে মুখ খুললেন জাহ্নবী

বলিউড স্টারকিড জাহ্নবী কাপুর এবার মুখ খুললেন বহুল চর্চিত দক্ষিণী সিনেমা ‘পেড্ডি’ বিতর্কে। সিনেমাটিতে তার চরিত্রকে যৌন আবেদননির্ভরভাবে উপস্থাপন ও নারীর অবমাননা করার অভিযোগ উঠেছিল। এবার সেই বিতর্ক নিয়ে নিজের দায় স্বীকার করেছেন অভিনেত্রী। তার মতে, দৃশ্যগুলো নিয়ে আরও জোরালোভাবে আপত্তি জানানো উচিত ছিল তার।

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হয়ে এসে জাহ্নবী বলেন, সিনেমাটির পেছনে অনেক মানুষ পরিশ্রম করেছেন। তাই এ নিয়ে কথা বলতে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি। তবে চরিত্রটির উপস্থাপন যে সমাজে, বিশেষ করে নারীদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখতে পারে, তা তাঁকে ভাবিয়েছে। জাহ্নবী বলেন, ‘এই ঘটনার ক্ষেত্রে আমার নিজের দায়টুকু স্বীকার করা জরুরি। এ ধরনের উপস্থাপন সমাজে, বিশেষ করে আমার লিঙ্গের মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা আমাকে গভীরভাবে ভাবায়। এই লজ্জা আমাকে সব সময় বয়ে বেড়াতে হবে।’

পাশাপাশি  সিনেমায় নিজের চরিত্র নিয়ে আত্মসমালোচনা করে জাহ্নবী বলেন, ‘আমি কি আরও কিছু করতে পারতাম? আরও সতর্ক হতে পারতাম? আরও জোরালোভাবে প্রতিবাদ করতে পারতাম? অবশ্যই পারতাম, শতভাগ। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেটিই এখন আমার লক্ষ্য।’ শুটিংয়ের সময় একজন অভিনেতা যে সব ক্ষেত্রে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন না, সে কথাও উল্লেখ করেন জাহ্নবী। পরিচালকের নির্দেশ মেনে চলাকে পেশাদারত্বের অংশ হিসেবে দেখার চাপ থাকে বলে জানান তিনি। যদিও নিজের দায় এড়িয়ে যাওয়ার জন্য বিষয়টি বলছেন না, সেটিও স্পষ্ট করেন।


জাহ্নবী বলেন, ‘পরিচালক যা বলেন, অনেক সময় মনে হয় পেশাদার থাকতে হলে সেটাই মেনে চলতে হবে। পরিচালকের কথা শুনতে হবে।’ এ ছাড়া চিত্রনাট্যে সব সময় দৃশ্যের পূর্ণাঙ্গ উপস্থাপন বোঝা যায় না বলেও জানান তিনি। বিশেষ করে ক্যামেরার কোণ, দৃশ্য ধারণের ধরন কিংবা পর্দায় শেষ পর্যন্ত কোনো দৃশ্য কেমন দেখাবে, তা আগে থেকে সব সময় স্পষ্ট থাকে না। পরিস্থিতি সম্পর্কে যতটুকু জানতে পেরেছেন, সেই অনুযায়ী দৃশ্যগুলোকে কম সমস্যাজনক করার চেষ্টা করেছিলেন বলে জানান তিনি।