বিমানে যান্ত্রিক ত্রুটি সারল, দেশের পথে প্রধানমন্ত্রী 

যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে জাপানের টোকিও থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকার পথে যাত্রা করে। এদিনই রাত আনুমানিক ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণের কথা রয়েছে।

এর আগে, নারিতা বিমানবন্দরে বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটটিতে উড্ডয়নের পূর্বে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। নির্ধারিত বোর্ডিং ও আনুষ্ঠানিকতা শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরবর্তীতে রানওয়ের উদ্দেশ্যে ট্যাক্সি করার সময় ককপিটে উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত দেখতে পান পাইলট।
 
যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করা হয় এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে বিমানটিকে নিরাপদে পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয়।
 
এই সাময়িক বিলম্বের সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। তবে ত্রুটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষ প্রকৌশলী দল কাজ শুরু করে।
 
ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে কারিগরি দলটি দ্রুততার সাথে স্পয়লারের ত্রুটি সারিয়ে বিমানটিকে পুনরায় উড্ডয়ন উপযোগী করে তোলেন।

প্রধানমন্ত্রীর চারদিনের জাপান সফরে বাংলাদেশ-জাপান ছয়টি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে। পাশাপাশি উপকূলীয় নিরাপত্তা, বিনিয়োগ ও স্থানীয় সরকার উন্নয়নে সহযোগিতা বাড়াতে উদ্যোগ নিয়েছে দুই দেশ। দুটি প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে টোকিও।