ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে করা রিট খারিজ

দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। সাত মাস আগে করা এ রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। 

গত ৪ মার্চ সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী হাইকোর্টে এ রিট আবেদনটি করেন। এতে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে এসব সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের নির্দেশনার আরজি জানান রিট আবেদনকারীরা। রিটে গত ২২ ফেব্রুয়ারির স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছয় প্রশাসক নিয়োগ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ মর্মে রুলের আরজি জানানো হয়। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের দায়িত্ব পালন স্থগিতের নির্দেশনা চাওয়া হয় আবেদনে। 

রিটকারীদের একজন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া আবেদনের যুক্তিতে দেশ রূপান্তরকে বলেছিলেন, স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ২৫ ধারা অনুযায়ী, নতুন সিটি করপোরেশন হলে, সিটি করপোরেশনের মেয়াদোত্তীর্ণ হলে এবং সিটি করপোরেশন ভেঙে দিলে প্রশাসক নিয়োগ দেওয়া যায়। এ ছাড়া ২৫ (ক) ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসক নিয়োগ হতে পারে। কিন্তু যেভাবে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হলো, তা আইনকে সমর্থন করে না। আর এখন তো বিশেষ কোনো পরিস্থিতি নেই।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী দেশ রূপান্তরকে বলেন, ‘যে গ্রাউন্ডে পিটিশনাররা (রিট আবেদনকারী) আবেদন করেছেন, তাতে হাইকোর্ট সন্তুষ্ট নন মর্মে আবেদনটি খারিজ করা হয়েছে।’