কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পাইপ দিয়ে পানি ওঠার সময় গ্যাস বের হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাইপের মুখে লাইটার বা ম্যাচের আগুন ধরালে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। এ ঘটনায় এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। মাটির নিচে গ্যাসের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে মাছের গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে ২৮০ ফুট গভীর একটি সাবমারসিবল পাম্প স্থাপন করেন হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ।

কামরুল শেখ জানান, গত এক সপ্তাহ ধরে পাম্পটি দিয়ে পানি কম উঠছিল। এ কারণে বুধবার দিবাগত রাতে (২৮ অক্টোবর) কৌতূহলবশত পাম্পের পাইপের মুখে গ্যাস লাইটার ধরালে আগুন জ্বলে ওঠে। খবরটি ছড়িয়ে পড়লে তাঁর দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় জমে।

বৃহস্পতিবারও ভাসাই বাজারে কামরুল শেখের দোকানের সামনে মানুষের ভিড় দেখা যায়। তাঁদের অনুরোধে কামরুল মাঝেমধ্যে পাম্পটি চালু করে পাইপের মুখে আগুন ধরিয়ে দেখান।

স্থানীয় যুবক শিহাব শেখ বলেন, রাতে ঘটনাটি জানার পর সকালে সেখানে গিয়ে তাঁরা এর সত্যতা দেখতে পান। মাটির নিচে সত্যিই গ্যাস আছে কি না, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা করার দাবি জানান তিনি। গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলে তা দেশের জন্য সম্ভাবনাময় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন তিনি। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে পাম্পের পাইপ দিয়ে বের হওয়া গ্যাসের প্রকৃতি এবং এর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিশেষজ্ঞ পরীক্ষার প্রয়োজন রয়েছে।