সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির প্রতি আস্থা ও আগ্রহ কমে যাবে। তরুণেরা কেন রাজনীতিতে আসবেন, কেন কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হবেন—এই প্রশ্নের উত্তর দিতে হলে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে তাদের নিরাপত্তা এবং স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নাটোরের গুরুদাসপুরে নিহত শাকিলের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে তরুণদের জন্য নিরাপদ রাজনৈতিক ক্ষেত্র তৈরি করা জরুরি।
শাকিল হত্যাকাণ্ডকে রাজনীতির জন্য উদ্বেগজনক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, শাকিল পরিচ্ছন্ন ধারার রাজনীতি করতেন এবং চব্বিশের আন্দোলনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তার নেতৃত্ব ও রাজনৈতিক সক্রিয়তা অনেকের কাছে অস্বস্তির কারণ হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তেই নির্ধারিত হবে।
গত ১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকালে শাকিলের বাড়িতে গিয়ে তার মা-বাবা ও স্বজনদের সঙ্গে দেখা করেন প্রতিমন্ত্রী। তাকে কাছে পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে শাকিলের মা প্রতিমন্ত্রীকে জড়িয়ে ধরে সন্তান হত্যার বিচার চান এবং তাকে নিজের বড় মেয়ে হিসেবে সম্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাকে বড় মেয়ে বলায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক, তারা যত প্রভাবশালীই হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বা সামাজিক প্রভাব বিবেচনায় না নিয়ে তদন্ত ও বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।