শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে পূর্বনির্ধারিত সাত দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, মেলাটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস থাকায় ওই স্থানে সব মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ কারণে জাতীয় পর্যায়ের মেলাটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে।
মেলা স্থগিতের কারণ জানতে চাইলে আমিনুল হক বলেন, এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে জাতীয় যুব দিবসের মূল অনুষ্ঠান, চাকরি মেলা, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধনসহ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত অন্যান্য কর্মসূচি যথারীতি হবে বলে জানান তিনি। এদিকে আগামী ১-৭ নভেম্বর এই মেলা হওয়ার কথা ছিল। কিন্তু সচিবালয় সরিয়ে পুরনো বাণিজ্যমেলা মাঠে আনার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করে আসছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এর আগে বুধবার সেখানে এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি গেট ও কয়েকটি স্থাপনা ভাঙচুর করেন তারা।
জাতীয় যুব দিবসে চাকরি মেলা : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১ নভেম্বর সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল অনুষ্ঠান হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা রয়েছে।
আমিনুল হক বলেন, ৩১ অক্টোবর সকাল সাড়ে ৭টায় শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে যুব র্যালি বের করা হবে। এতে যুব উদ্যোক্তা, যুব সংগঠন এবং যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন। যুব উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে অবদানের স্বীকৃতিতে অনুষ্ঠানে ১০ জন সফল আত্মকর্মী ও চারজন সেরা যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।
তিনি বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে সারা দেশে ১২ হাজার পরিবেশবান্ধব ও টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে। এ ছাড়া পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ, খাল খনন, রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।