হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে তেলবাহী ৪ জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনে আঘাত লেগে মোট চারটি তেলবাহী ট্যাংকার ও সুপার ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথ থেকে মাইন অপসারণ করেছে।

প্রথমে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের কথা জানালেও, পরে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে প্রণালীর পূর্বদিকে আরও একটি জাহাজে মাইন বিস্ফোরণ ঘটেছে, যার ফলে মোট সংখ্যা দাঁড়ায় চারটিতে।

গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের অননুমোদিত পথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী জাহাজ সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। পরে বৃহস্পতিবার প্রণালির পূর্বদিকে আরও একটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণে আগুন লাগে। জাহাজটি ‘নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায়’ চলাচল করছিল বলে দাবি করা হয়েছে।

আইআরজিসির বিববৃতি অনুযায়ী, ট্যাংকারগুলো তাদের রাডার ও ডিজিটাল নেভিগেশন ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে এবং আইআরজিসির সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালীর 'অননুমোদিত' বা সীমাবদ্ধ দক্ষিণ রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে সেগুলোতে বিস্ফোরণ ঘটে।

তবে এসব ঘটনার সুনির্দিষ্ট সময় এবং জাহাজগুলোর পতাকাবাহী দেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিস্ফোরণের পর মারাত্মক ক্ষতিগ্রস্ত ও জ্বলন্ত অবস্থায় জাহাজগুলোকে প্রণালীর দক্ষিণ উপকূলে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় ক্রুরা। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ওমানের খাসাব উপকূলের কাছে একটি জাহাজে আগুন লাগার খবর নিশ্চিত করেছে।

এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বৃহস্পতিবার গভীর রাতে জানায়, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল বা ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর তারা পেয়েছে।

এর আগে একই এলাকায় আরও দুটি ঘটনার খবর দিয়েছিল সংস্থাটি। এর মধ্যে একটি ছিল সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার পর আগুন ধরে ডুবে যায় একটি ঐতিহ্যবাহী আরবীয় নৌযান। অন্যটি হরমুজ প্রণালি অতিক্রমের সময় অজ্ঞাত কোনো বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি তেলবাহী জাহাজ।

গত কয়েক সপ্তাহে ইরান একাধিক জাহাজ সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত পাওয়ার খবর জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যমে দাবি করে, নৌযান চলাচলের প্রধান পথগুলো থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবারের বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালির অননুমোদিত পথটি মাইন পুঁতে বিপজ্জনক করে রাখা হয়েছে। এসব পথে চলাচলের দায় জাহাজের মালিক ও নাবিকদের। সামাজিক মাধ্যমে সেন্টকমের বিভ্রান্তিকর দাবিতে তাদের কান দেওয়া উচিত নয়।