গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুরের নাওজোড় এলাকায় তিনতলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। ভবনটির অধিকাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে গার্মেন্টসকর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। ওই কক্ষের একটিতে সাকিবসহ কয়েকজন গার্মেন্টসকর্মী বসবাস করতেন।
শুক্রবার সকালে হঠাৎ বিকট শব্দে সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে কক্ষের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় ও আঘাতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়েছিলাম। পরে নিহতের মরদেহ বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।