পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পটুয়াখালী সদর উপজেলার চর মৌশাদি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাকিব হাওলাদার (২৪) ও মো. সিদ্দিক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম সজল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন দুই যুবকের দেহ তল্লাশি করে ৩৭৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শুক্রবার (৩০ অক্টোবর) দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (এফআইআর নম্বর-১৮) দায়ের করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।