অপহরণের ৩৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহরণের ৩৫ দিন পর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১১) সহযোগিতায় গ্রেপ্তার করেছে এসআরবি-৯। পরে অপহৃত স্কুলছাত্রীকে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রনি মিয়া (২৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া গাজীপুর এলাকার আনোয়ার মিয়ার ছেলে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর অপহরণের শিকার স্কুলছাত্রী কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে বাবা শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি মেয়েকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালায় এসআরবি-৯-এর সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং এসআরবি-১১-এর সিপিসিএস (নারায়ণগঞ্জ) যৌথ দল। সেখান থেকে মামলার এজহারভুক্ত প্রধান আসামি রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 

পরে উদ্ধারকৃত স্কুলছাত্রী ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।