ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

বসনিয়া-হার্জেগোভিনায় ইতালির সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। খবর আনাদোলু এজেন্সি। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আনসা।

প্রতিবেদন অনুযায়ী, বোয়িং সিএইচ-৪৭ চিনুক মডেলের হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশন ‘ইইউফোর আলথিয়া’র অংশ হিসেবে দায়িত্ব পালনকালে বসনিয়া-হার্জেগোভিনার ব্রচকো জেলার গোরিৎসে গ্রামের কাছে এটি বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে ইতালীয় সেনাবাহিনীর সার্জেন্ট সিমোনে রুজ্জা ও ক্লদিও মারকেসি রয়েছেন। এ ছাড়া ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক কোরের লেফটেন্যান্ট ফ্রাঙ্কো আদ্রিয়ানো জেকিল্লো এবং সার্জেন্ট লরা প্রোকাচ্চিও নিহত হয়েছেন।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত ১১ জনের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। তাদের চিকিৎসায় সহায়তা করতে ইতালি থেকে একটি বিশেষ মেডিকেল দল পাঠানো হয়েছে।

ইইউফোরের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিল। কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে।