বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’। ২৯ অক্টোবর শুরু হওয়া এ বিজ্ঞান উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
কার্নিভালে দেশের ১৫০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়ালপত্রিকা, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ, গল্প লেখা ও কম্পিউটার গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে একটি ফোর-ডি মুভি বাস ও একটি মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
কার্নিভালের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন স্টল ও প্রকল্প পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পড়াশোনা করবে না, জ্ঞানার্জন করবে, নতুন কিছু জানবে এবং নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাবে। বিজ্ঞানকে ভয় নয়, জানার ও আবিষ্কারের মাধ্যম হিসেবে গ্রহণ করবে। মনে রাখবে, আজকের কৌতূহলী শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক। তোমাদের হাত ধরেই বাংলাদেশ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’