মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে বামপন্থী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’। দাবি আদায় না হলে আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার বিকেলে আয়োজিত সমাবেশে এ কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো মেনে না নিলে ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়া হবে। একই সঙ্গে সেখানে স্মারকলিপি দেওয়া হবে।

এর আগে নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত দেশজুড়ে মাসব্যাপী কর্মসূচি পালনের পরিকল্পনা জানিয়েছে জোটটি। এ সময় বিভিন্ন জেলা ও উপজেলায় সভা-সমাবেশ, পদযাত্রা এবং গণসংযোগ করা হবে।

জোটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের পাশাপাশি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা চুক্তিসহ সব অসম বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে। এ ছাড়া ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধ এবং সুন্দরবনের ক্ষতি করে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিও জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জোটের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি বাংলাদেশের অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে। তাদের দাবি, জনমতকে গুরুত্ব না দিয়ে বর্তমান বিএনপি সরকার ওই চুক্তি বাস্তবায়নের পথে এগোচ্ছে।

এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় জোট চুক্তিটির বিরোধিতা না করে কার্যত সমর্থন দিচ্ছে। জোটটির ভাষ্য, বাম, প্রগতিশীল, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে গঠিত তাদের সংগঠনই চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সমাবেশে বক্তব্য দেন জোটের নেতা সাজ্জাদ জহির চন্দন, শুভ্রাংশু চক্রবর্ত্তী, ইকবাল কবির জাহিদ, মুশতাক হোসেন, মাসুদ রানা ও মোশরেফা মিশু।

এ সময় উপস্থিত ছিলেন মঞ্জুরুল আহসান খান, খালেকুজ্জামান, মুজাহিদুল ইসলাম সেলিম, মো. শাহ আলম, অধ্যাপক আনু মুহাম্মদ ও কবি মোহন রায়হান।