রামায়ণে শূর্পণখা হয়ে আসছেন রাকুল প্রীত

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংকে এবার দেখা যাবে ভিন্নধর্মী এক চরিত্রে। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় শূর্পণখার ভূমিকায় অভিনয় করছেন তিনি। চরিত্রটি নিয়ে নিজের ভাবনা জানিয়ে রাকুল বলেছেন, শূর্পণখাকে সাধারণত যেভাবে দেখা হয়, তার চরিত্রটি তার চেয়ে অনেক বেশি জটিল ও বহুস্তরবিশিষ্ট। প্রচলিত ধারণার বাইরে গিয়ে চরিত্রটির ভেতরের দিকগুলো তুলে ধরার সুযোগ পেয়েছেন তিনি।

বলিউডের বাণিজ্যিক সিনেমায় রোমান্টিক ও হালকা মেজাজের চরিত্রে অভিনয় করেই বেশি পরিচিতি পেয়েছেন রাকুল। এবার সেই পরিচিত গন্ডি পেরিয়ে পৌরাণিক চরিত্রে নিজেকে তুলে ধরছেন অভিনেত্রী।

সম্প্রতি চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে রাকুল জানান, শূর্পণখা রামায়ণের অন্যতম ভুলভাবে উপস্থাপিত ও জটিল চরিত্র। তার মতে, ইতিহাসে শূর্পণখাকে একটি বিশেষ ঘটনার মধ্য দিয়েই বেশি মনে রাখা হয়েছে। অথচ চরিত্রটির আরও অনেক দিক রয়েছে, যা দর্শকের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন তিনি। চরিত্রটির নানা স্তর ও ভিন্নমাত্রা রাকুলকে আকৃষ্ট করেছে।

এক সাক্ষাৎকারে রাকুল বলেন, বিশ্বমঞ্চে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরার অংশ হতে পারাও তার কাছে বিশেষ আনন্দের। সিনেমাটিতে রণবীর কাপুর রাম, সাই পল্লবী সীতা, যশ রাবণ এবং সানি দেওল হনুমানের চরিত্রে অভিনয় করেছেন। সংগীত পরিচালনায় রয়েছেন হ্যান্স জিমার ও এ আর রহমান। আগামী ৫ নভেম্বর বিশ^ব্যাপী মুক্তি পাবে সিনেমাটির প্রথম কিস্তি। দ্বিতীয় কিস্তি মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।