অনিবার্য বিপ্লব দরজায়: জামায়াত আমির

অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তারেক রহমানের জাপান সফর নিয়ে লুকোচুরি করা হচ্ছে। মাতারবাড়ি নিয়ে কী চুক্তি হয়েছে, তা জাতির কাছে খোলাসা করতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) ‎সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চপূর্ব সমাবেশে সরকারের উদ্দেশে এ কথা বলেন তিনি।

বিরোধী দলীয় এই নেতা বলেন, ‘আমরা আমাদের কোনো দলীয় ও ব্যক্তিগত দাবি নিয়ে মাঠে নামিনি। এই দাবিগুলো জনগণের দাবি, জনগণের ভোগান্তির বিষয়। সেই দাবি নিয়েই আমরা মাঠে নেমেছি। দুটি লংমার্চ মহান আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি, আজও যেন আল্লাহ আমাদের ওপর বিশেষ মেহেরবানি করেন এবং তৃতীয় লংমার্চটিও জাতির প্রয়োজনে সফল করে দেন।’

এছাড়া কানেক্টিভিটি নামে অন্য দেশের কাছে দেশ ইজারা দেয়া চলবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় নেতা। ডা. শফিকুর রহমান বলেছেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি তারা এখন ভোগ করছে। তাদের তো দিদি ছিল, আপনাদের কে আছে? জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাবেন না।

সমাবেশে ১১ দলের শীর্ষস্থানীয় নেতারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সরকার দাবি না মেনে স্বৈরাচারের পথে হাটলে অতীত সরকারের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। 

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য।

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন।