নটর ডেম কলেজে কমেছে পাসের হার ও জিপিএ-৫

রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর কলেজটির পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী। 

গত বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৪৫৪ জন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৭৭ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২৫।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। 

ফল প্রকাশের দিন প্রতিবছর নটর ডেম কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়, এবার তার ব্যতিক্রম ছিল। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। ছিল না চিৎকার-চেঁচামেচি, ছবি তোলা কিংবা একে অপরকে জড়িয়ে ধরে সাফল্য উদযাপনের চেনা দৃশ্য। কলেজে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের অনুপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, এ বছর নটর ডেম কলেজ থেকে মোট ৩ হাজার ২৭২ জন পরীক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ২৫৬ জন। পাস করেছে ৩ হাজার ২১৮ জন। অকৃতকার্য হয়েছে ৩৮ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৯৭ জন পাস করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮০৭ জন এবং অকৃতকার্য হয়েছে ২৫ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ৭৪১ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩৩৩ জন এবং অকৃতকার্য হয়েছে সাতজন।

অন্যদিকে, মানবিক বিভাগ থেকে পাস করেছে ৩৮০ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন এবং অকৃতকার্য হয়েছে ২২ জন।

সামগ্রিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকেই সর্বাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে গত বছরের তুলনায় কলেজটির পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।