পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্ররা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্ররা এগিয়ে রয়েছে। 

ছাত্রীদের পাসের হার ৫৬.৩১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৭.৭৫ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রীরা ছাত্রদের চেয়ে ৮.৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। 

এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, পাসের হার ৫৬.৩১ শতাংশ। আর ছাত্রদের মধ্যে পাস করেছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন, পাসের হার ৪৭.৭৫ শতাংশ। এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী। এর মধ্যে ২০ হাজার ৩৬৩ ছাত্র এবং ১৯ হাজার ৭২১ ছাত্রী।

তবে এবার পাসের হার গত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম।‎ চলতি বছর গড় পাসের হার ৫২.১২ শতাংশ। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। সে হিসেবে এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ আর জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।

‎এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।