মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য: ডা. শফিকুর রহমান

বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি মানবিক, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ তাদের লড়াই অব্যাহত থাকবে। এ লড়াইয়ে দেশের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে এক অনির্ধারিত পথসভায় বক্তব্য দেন তিনি।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। দেশের প্রয়োজন ও জনস্বার্থে যেকোনো সময় এই সাত দফা এক দফায় রূপ নিতে পারে।

এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ভাটিয়াপাড়া গোলচত্বরে জামায়াতে ইসলামী, এনসিপিসহ জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।