নভেম্বর মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রবিবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা।
এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এই ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটি পাবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।