বিশ্ববাজারে নতুন ইতিহাস শাহরুখ খানের

‘পাঠান’ ও ‘জাওয়ান’ সিনেমার পর আবারও আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারে নতুন ঝড়ের লড়াই বলিউড কিং শাহরুখ খানের। এই সুপারস্টারের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বিদেশি বাজারে স্বত্ব বিক্রি করে বড় অংকের অর্থ ঘরে তুলেছে ছবিটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার বিদেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে। 

ভারতীয় সিনেমার ইতিহাসে বিদেশি স্বত্ব বিক্রির ক্ষেত্রে এটি নতুন রেকর্ড। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব পেয়েছে ফারাস ফিল্মস। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছ থেকে ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ছবিটির বিদেশি স্বত্ব কিনেছে প্রতিষ্ঠানটি। 

এর আগে শাহরুখের সিনেমাগুলোর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। এবার সেই দায়িত্ব পেয়েছে ফারাস ফিল্মস। এর আগে প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমার বিদেশি পরিবেশনার দায়িত্বও সামলেছিল প্রতিষ্ঠানটি। 

 ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’র পর এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও সিদ্ধার্থ। সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ আরও অনেকে।এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড়পর্দায় বাবা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সুহানা খান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’  সিনেমার।