নাটোরে আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অস্থির পৃথিবীতে বিশ্বের ছয় কোটি স্কাউটস সদস্য নিরলসভাবে মানবতার সেবায় কাজ করছেন। স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব দেবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় নাটোরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্যে আয়োজিত এ ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

রাজশাহী বিভাগের আট জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার মোট ২৬০টি ইউনিটের দুই হাজার ২০০ জন কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা এ ক্যাম্পুরীতে অংশ নিচ্ছেন। আগামী ৪ নভেম্বর ক্যাম্পুরী শেষ হবে।

শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশে ক্যাম্পুরীতে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।

উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। পরে কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।