ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের ছয়জন এবং আওয়ামী লীগের একজন নেতা রয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মাইজবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আনসার উল্লাহ (২৮), আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (২৮), জাটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (৫৯), রাজিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী হৃদয় মিয়া (২১), ছাত্রলীগের কর্মী নাইম (১৯), বায়োজিদ আলম (২০) ও আনোয়ারুল ইসলাম সুজন (২০)।
পুলিশ জানায়, আনসার উল্লাহসহ তিনজন ঈশ্বরগঞ্জ থানার ৭(০৮)২৬ নম্বর মামলার সন্দিগ্ধ আসামি। অন্যদিকে হৃদয় মিয়াসহ চারজন ২৭(১০)২৬ নম্বর মামলার সন্দিগ্ধ আসামি। এসব মামলায় সরকারবিরোধী মিছিলে তাদের অংশগ্রহণের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা বিভিন্ন সময় সরকারবিরোধী মিছিলের আয়োজন ও নেতৃত্ব দিয়ে আসছিলেন। নাশকতামূলক কর্মকাণ্ড ও মিছিল প্রতিরোধে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমান বলেন, দেশকে অস্থিতিশীল যারা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।