কুয়াকাটার প্রেমে পড়েছেন রাশিয়ান তরুণীরা

সূর্যোদয়, সূর্যাস্তের বেলাভূমি, বিস্তীর্ণ সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বন, লাল কাঁকড়ার বিচরণ, রাখাইন পল্লি, বৌদ্ধমন্দির, দ্বীপাঞ্চল ও কৃষিভিত্তিক গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণে দেশি-বিদেশি পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পটুয়াখালীর কুয়াকাটা। তাই বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ছুটে আসছেন এই সমুদ্রসৈকতে।

এমনই এক চিত্র দেখা গেছে শনিবার (৩১ অক্টোবর)।

রাশিয়া থেকে আসা একদল তরুণী পর্যটককে কুয়াকাটার প্রকৃতির সঙ্গে মিশে আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে। কখনো সৈকতে বাইক চালিয়ে ঘুরে বেড়ানো, কখনো সূর্যোদয়ের পটভূমিতে ছবি তোলা, আবার কখনো দোলনায় চড়ে আনন্দে মেতে ওঠা। এমনকি কাউয়ারচরের ‘মিনি সুইজারল্যান্ড’-এর সবুজ ঘাসের মাঠে দাঁড়িয়ে ডিগবাজি দিয়ে প্রকৃতির মাঝে নিজেদের মেলে ধরেছেন তারা।

MixCollage-31-Oct-2026-06-50-PM-4371

স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাশিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি, নাইজেরিয়া, ভারত, নেপাল ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পর্যটক কুয়াকাটায় ঘুরতে আসছেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাঁরা শুধু সমুদ্রসৈকতেই সীমাবদ্ধ থাকছেন না; ছুটে যাচ্ছেন উপকূলের বিভিন্ন দর্শনীয় স্থানে।

কেউ উপভোগ করছেন সাগরের নীল জলরাশি, কেউ ঘুরছেন নদী ও নৌপথে। আবার কেউ মুগ্ধ হচ্ছেন ম্যানগ্রোভ বন, চরাঞ্চল এবং স্থানীয় জনপদের জীবনযাত্রা দেখে। স্থানীয় মানুষের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণও তাঁদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলছে। পর্যটনসংশ্লিষ্টদের দাবি, কুয়াকাটার প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে অনেক বিদেশি পর্যটক বারবার এখানে ফিরে আসছেন।

কুয়াকাটা ট্যুর গাইড ও বাইক রাইডার আবু সালে বলেন, রাশিয়া থেকে আসা এসব পর্যটক পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। তারা প্রায় সাত বছর ধরে বাংলাদেশে অবস্থান করছেন। কাজের পাশাপাশি অবসর সময়ে ট্রাভেল এজেন্সির মাধ্যমে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

MixCollage-31-Oct-2026-06-50-PM-2338

তিনি বলেন, 'এরই ধারাবাহিকতায় জানা, ইলানি, ড্রিমো ও নাতানিয়াসহ নয়জনের একটি দল দুই দিনের জন্য কুয়াকাটায় বেড়াতে আসেন। তাদের নিয়ে লেম্বুরবন, গঙ্গামতী, কাউয়ারচর, মিশ্রিপাড়া, শুঁটকি পল্লি ও মিনি সুইজারল্যান্ডসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখিয়েছি। তারা সৈকতে ঘুরেছেন, দোলনায় চড়েছেন এবং কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। আজ তাদের বিদায় জানিয়েছি। বিদায় নেওয়ার সময় আগামী মার্চ মাসে আবারও কুয়াকাটায় আসার কথা জানিয়েছেন। এবার তাদের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত আরও কয়েকজন সহকর্মীকে নিয়ে আসবেন বলেও জানিয়েছেন।

আবু সালে আরও বলেন, 'প্রায় পাঁচ বছর ধরে বিদেশি পর্যটকদের কুয়াকাটায় ঘুরিয়ে দেখানোর অভিজ্ঞতায় বলতে পারি, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাদের বেশ মুগ্ধ করে। তারা খুবই বন্ধুসুলভ এবং কুয়াকাটায় এসে আনন্দিত হন।'

রাশিয়ান পর্যটক নাতানিয়া বলেন, 'কুয়াকাটা খুবই সুন্দর, অসাধারণ ও মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে এসে আমি মুগ্ধ হয়েছি। সমুদ্রসৈকত, প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার সৌন্দর্য আমার খুব ভালো লেগেছে। জীবনে প্রথমবার কুয়াকাটায় এসেছি। ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই চমৎকার। সুযোগ হলে আগামীতে আবারও কুয়াকাটায় আসব। বিশেষ করে এখানকার সৌন্দর্য ও আতিথেয়তা আমার মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।'

MixCollage-31-Oct-2026-06-50-PM-4602

হোটেল খান প্যালেসের অপারেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান সাকুর বলেন, 'আমাদের হোটেলে প্রায় নিয়মিতই দেশি অতিথিদের পাশাপাশি বিদেশি পর্যটকেরাও আসেন। গত ৩০ অক্টোবর রাশিয়া থেকে আসা নয়জনের একটি পর্যটক দল আমাদের হোটেলে ওঠেন। আমাদের হোটেলে প্রায়ই রাশিয়ান অতিথিরা আসেন। বিশেষ করে পূজা, ঈদুল আজহা, ঈদুল ফিতর ও ইংরেজি নববর্ষের সময় বিদেশি অতিথিদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে।'

তিনি আরও বলেন, 'আমাদের সুইমিংপুলটি বিদেশি অতিথিদের কাছে বেশ জনপ্রিয়। পাশাপাশি হোটেলের খাবারের মান ও সেবাও তারা পছন্দ করেন। অতিথিরা আমাদের সেবায় সন্তুষ্ট থাকেন, এটি আমাদের জন্য আনন্দের। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হোটেলের আন্তরিক আতিথেয়তা তাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে। বিশ্বমানের সেবা ও ঘরোয়া স্বাচ্ছন্দ্যের সমন্বয়ে অতিথিদের ভালো অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য।'

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ বলেন, 'কুয়াকাটায় বিদেশি পর্যটকদের আগমন আমাদের পর্যটনশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়াকাটার সমুদ্রসৈকতের পাশাপাশি বন, চর, নদী ও স্থানীয় জীবনযাত্রা বিদেশিদের আকৃষ্ট করছে। বিদেশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও বাড়ানো গেলে এখানে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা আরও বাড়বে।'

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, 'বিদেশি পর্যটকদের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তারা যে হোটেলে অবস্থান করেন, সেখান থেকে ই-মেইলের মাধ্যমে আমাদের জানানো হয়। এরপর আমাদের পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা ও সেবা দিয়ে থাকেন। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার ক্ষেত্রে আমরা তাদের প্রশিক্ষিত ও শিক্ষিত গাইডের সহায়তা নেওয়ার পরামর্শ দিই। দেশি-বিদেশি সব পর্যটকের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।