উত্তর সাতকানিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে র‍্যালিটি কেরানীহাটের একটি রেস্তোরাঁর সামনে থেকে শুরু হয়। পরে র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

যুবদলের সংগঠক মকসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সোহেল, জয়নাল, রাশেদ, কাসেম, তারেক, ইয়াসিন, আবছার, নুরুল আলম, মো. শাহজাহান, জুয়েল, নুরুল হক, আবদুল মাবুদ, মুজিব, শাহেদ ও তানজিবসহ উত্তর সাতকানিয়ার নেতাকর্মীরা।