মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) পৃথক সময়ে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন, কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং একই ইউনিয়নের নতুন গ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পি হোসাইন চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিলেন। তিনি মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুর ১২টার পর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
অন্যদিকে, অনন্যা শিকদার কুলিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। শনিবার পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। স্থানীয় এক পল্লিচিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।