নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের নিরঙ্কুশ জয়

৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম সরাসরি ব্যালেটের মাধ্যমে ভোটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬টি পদে বিএনপি নেতা নবী-টিপু প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থী ও ভোটারদের মধ্যে বিরাজ করেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জানা গেছে, ১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার ৫১ বছর পর ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেন ইউনিটের আজীবন সদস্য ভোটাররা। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট নবী হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট গ্রহণ হয় ৬টি পদে। সেক্রেটারি একজন এবং সদস্য পদে পাঁচজন। জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে হন চেয়ারম্যান। নির্বাচনে ভোটার সংখ্যা ৯৯৭ জন। তাদের মধ্যে ৩৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৫টার পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।  

নির্বাচনে ১৮৪ ভোট পেয়ে সেক্রেটারি পদে নির্বাচিত হন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী ফোরামের সাবেক নেতা অ্যাডভোকেট রেজাউল করিম খান পেয়েছেন ১৫৪ভোট।

পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আটজন প্রার্থী। তাদের মধ্যে জাতীয়তাবাদী প্যানেলভুক্ত নারায়ণগঞ্জ বারের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৭৫ ভোট, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট জাকির হোসেন ২৮১ ভোট, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক  রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট এবং নাসিকের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাকসুদুল আলম খান খোরশেদ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে পরাজিত এনসিপি নেতা নিরব রায়হান ১১০ ভোট, নাজমুল হক (নির্দলীয়) ৮৭ ভোট ও হারুনুর রশীদ খান ৯১ ভোট পেয়েছেন।