বরিশাল বিভাগের চিত্র

এইচএসসিতে শীর্ষে পিরোজপুর

এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। এ বছর জেলাটিতে পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ।

তবে গত দুই বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় এবার পাসের হার কমেছে ৩১ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট। ২০০৯ সাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এবারই জেলায় পাসের হার সর্বনিম্ন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।

বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর পিরোজপুর জেলায় এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৯৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৭৮২ জন। উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী।

বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পাসের হারে পিরোজপুরের পরেই রয়েছে বরিশাল জেলা। সেখানে পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ। অন্যদিকে, পুরো বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। বোর্ডের গড় পাসের হারের চেয়ে পিরোজপুরের হার ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট বেশি। 

এ বছর পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো নাজিরপুরের দিঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটিতে মোট আটজন পরীক্ষার্থীর মধ্যে সাতজন পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি।

জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী বলেন, “শিক্ষা অফিসের পক্ষ থেকে কলেজগুলো নিয়মিত মনিটরিং, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার কারণে এ ফলাফল হয়েছে।”

তিনি আরও বলেন, “যে দুটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেখানে শিক্ষকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পিরোজপুর জেলার গত কয়েক বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ৩৩ শতাংশ। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৬৪ দশমিক ০৭ শতাংশে। সর্বশেষ ২০২৬ সালে পাসের হার আরও কমে হয়েছে ৫১ দশমিক ৫৫ শতাংশ।