পাবনায় জোড়া খুন: ৪৫ ঘণ্টা পর মামলা, গ্রেফতার নেই

পাবনায় দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় ৪৫ ঘণ্টা পর অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি দায়ের করেন।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

তবে ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কোনো ক্লু পাওয়া গেছে কিনা জানতে চাইলে প্রদীপ কুমার সাহা জানান, এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে।

এর আগে, গত ২৯ অক্টোবর সন্ধ্যা পৌনে সাতটার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুইজন নিহত হয়।

নিহতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ পাবনা সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ও হাট ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার ভাগ্নে আতাইকুলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রিপন হোসেন (৫০)। আব্দুস সালাম ধর্মগ্রাম এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। আর রিপন একই এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। চব্বিশের ৫ আগস্টের পর আব্দুস সালামকে জামায়াতের বিভিন্ন মিছিল ও সমাবেশে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী ও তার ভাগ্নে রিপন হাটের পাশে তাদের অফিসে বসে নাস্তা করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের উপর গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।