চার বছরের অপেক্ষার পর আবার আলোচনায় এসেছে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘জানোয়ার-দ্য বিস্ট’। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম অফিশিয়াল পোস্টার, যেখানে থ্রিলার ঘরানার রহস্যময় আবহ ইতিমধ্যে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমার কাজ শুরু হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু গল্পের গুরুত্বপূর্ণ অংশজুড়ে দেশি রাস্তার কুকুর থাকায় নির্মাণে বড় বাধা তৈরি হয়। ছবির প্রায় ৭০ শতাংশ দৃশ্যে কুকুরের উপস্থিতি প্রয়োজন ছিল। উপযুক্ত প্রশিক্ষিত দেশি কুকুর না পাওয়ায় একসময় কাজ স্থগিত রাখতে হয়। এমনকি ১০টি প্রশিক্ষিত দেশি কুকুরের সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছিল জাজ, কিন্তু তাতেও সমাধান মেলেনি।
পরে নতুন উদ্যমে শুরু হয় সিনেমার কাজ। প্রতিষ্ঠিত তারকার বদলে চরিত্রের সঙ্গে মানানসই নতুন মুখ বেছে নেওয়া হয়। ছবির গল্পের সময়কাল ১৯৬৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিস্তৃত। সেই সময়ের সদরঘাটের পরিবেশ বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে এআই ও ভিএফএক্স প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। প্রায় ১৫০ শিল্পী নিয়ে নির্মিত এই সিনেমার নায়ক-নায়িকার পরিচয়ও শিগগিরই প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান।