ফেরদৌসী রহমানকে দিয়ে শুরু হচ্ছে বিটিভিতে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে খ্যাতিমান ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, উদ্যোক্তা, সমাজসেবা ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের অভিজ্ঞতা, চিন্তা ও মূল্যবোধ তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।

নিজের মেধা, শ্রম, সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে যারা জীবনে প্রতিষ্ঠা অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছেন, তাদের সাফল্যের পেছনের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে অনুষ্ঠানটি। তাদের জীবনবোধ, প্রতিকূলতা অতিক্রমের অভিজ্ঞতা এবং সাফল্যের পথচলা থেকে দর্শকরা খুঁজে পাবেন অনুপ্রেরণা ও নতুনভাবে এগিয়ে চলার প্রেরণা।

আজ থেকে বিটিভিতে প্রচার শুরু হবে ‘কিংবদন্তির সান্নিধ্যে’। প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। তানভীর আহমেদ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের প্রথম পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে নিয়ে। তার দীর্ঘ সংগীতজীবন, শিল্পচর্চা, কর্মময় পথচলা ও অর্জনের নানা দিক উঠে আসবে এ পর্বে।