গণপূর্তমন্ত্রী বললেন

বদলি-পদায়নে নিরপেক্ষ লটারি বিতর্কিত করা দুঃখজনক

গণপূর্ত অধিদপ্তরে বদলি ও পদায়নে অনিয়ম এবং তদবির বন্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ লটারি প্রক্রিয়া চালু করা হয়েছে। তবে এই উদ্যোগকে কোনো কোনো গণমাধ্যমে বিতর্কিত করার চেষ্টা দেখা যাচ্ছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

গতকাল শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ছিল। তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করে স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের উপস্থিতিতে উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত ওই লটারিতে ৪০ থেকে ৫০ জন সাংবাদিক ছিলেন। এ পদ্ধতিতে প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়ন করা হয়েছে।

তিনি বলেন, সব ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু মানবিক বিষয়ও বিবেচনায় নিতে হয়। তবে বদলি ও পদায়ন বাণিজ্য বন্ধে নেওয়া স্বচ্ছ উদ্যোগকে বিতর্কিত করার চেষ্টা কষ্টদায়ক।

গণপূর্তমন্ত্রী বলেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজকে উৎসাহিত করতেও সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।