নটর ডেম কলেজে কমেছে পাসের হার

রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার কলেজটির পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছর ছিল ৯৯ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২২৯ শিক্ষার্থী, যা গতবার ছিল ২ হাজার ৪৫৪ জন। সে হিসাবে পাসের হার কমেছে শূন্য দশমিক ৭৭ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২৫।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কলেজের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। অফিস কক্ষগুলো ছিল তালাবদ্ধ। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তেমন উপস্থিতি লক্ষ করা যায়নি। ফল প্রকাশের দিন প্রতি বছর নটর ডেম কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়, এবার তার ব্যতিক্রম ছিল। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। ছিল না হই-হুল্লোড, ছবি তোলা কিংবা একে অপরকে জড়িয়ে ধরে সাফল্য উদযাপনের চেনা দৃশ্য। কলেজে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের অনুপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি।

নটর ডেম কলেজের সাবেক শিক্ষক মার্নিং ক্লারা পিনেরো দেশ রূপান্তরকে বলেন, এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় কিছুটা কমতি থাকলেও সামগ্রিকভাবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় নটর ডেম কলেজের ফল ভালো। আমরাই সেরা হয়েছি। আমাদের শিক্ষার মান কেমন, তা সবারই জানা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া এবং তাদের যোগ্য করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শুধু জিপিএ-৫ এর সংখ্যা দিয়ে একটি প্রতিষ্ঠানের শিক্ষার মান বিচার করা ঠিক নয়। সামগ্রিক ফল, শিক্ষার্থীদের মেধা ও ভবিষ্যৎ জীবনে তাদের সাফল্যও বিবেচনায় নেওয়া উচিত।

কলেজটির ফেসবুক পেজে মূল্যায়ন নিয়ে আলোচনা-সমালোচনা হলেও মো. সাজ্জাদ করিম নামে এক অভিভাবক তার কমেন্টে জানান, এবার প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন হয়েছে বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরে পরীক্ষায় প্রযুক্তিনির্ভর অনিয়মের যে আশঙ্কা ছিল, তা থেকে শিক্ষাব্যবস্থাকে বের করে আনা জরুরি। যারা পাস করেছে, তাদের অভিনন্দন। আর যারা অকৃতকার্য হয়েছে, তাদের হতাশ না হয়ে নতুন করে প্রস্তুতি নিতে হবে।

এ বছর নটর ডেম কলেজ থেকে ৩ হাজার ২৫৬ পরীক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ৩ হাজার ২১৮ জন। অকৃতকার্য হয়েছেন ৩৮ জন। বিভাগভিত্তিক ফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৯৭ জন পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ৭৪১ জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। মানবিক বিভাগ থেকে পাস করেছেন ৩৮০ জন, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন।