৪৭ বছরে এইচএসসি পাস ইউপি সদস্যের

গাজীপুরের শ্রীপুরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আমিনুল ইসলাম। এসএসসি পাসের ২৭ বছর পর আবারও পড়াশোনা শুরু করে এবার  তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

শনিবার (৩১ অক্টোবর) তার পাসের খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। আমিনুল ইসলাম মাওনা ইউনিয়নের চকপাড়া মেডিকেল মোড় গ্রামের তোয়াব আলীর ছেলে। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তার পরিবারে স্ত্রী ও তিন ছেলে রয়েছেন।

মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম মৃধা বলেন, ৪৭ বছর বয়সে সহকর্মী আমিনুল ইসলামের এইচএসসি পাসের খবর জেনে তারা সবাই আনন্দিত। বয়স যে পড়াশোনার পথে বাধা নয়, আমিনুল ইসলাম তা প্রমাণ করেছেন। চেষ্টা ও অধ্যবসায় থাকলে অনেক বাধা অতিক্রম করা সম্ভব।

শামীম মৃধা আরও জানান, চলতি বছর আমিনুল ইসলামের স্ত্রী এসএসসি পাস করেছেন। তার বড় ছেলে স্বাধীনও এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। একই বছরে বাবা এইচএসসি এবং মা ও ছেলে এসএসসি পাস করায় পরিবারটিতে ভিন্ন রকম আনন্দ বিরাজ করছে। তিনি তাদের আরও সাফল্য কামনা করেন।

এইচএসসি পাস করা ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, শনিবার দুপুরে তার স্ত্রী তাকে ফলাফলের খবর দেন। গাজীপুর মহানগরের পূবাইল কারিগরি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ ৪.৪৬ পেয়ে তিনি এবার এইচএসসি পাস করেছেন।

তিনি বলেন, ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস করেন। এরপর দীর্ঘদিন পড়াশোনায় বিরতি পড়ে। পরবর্তী সময় জনপ্রতিনিধি হিসেবে জনসেবায় ব্যস্ত হয়ে পড়েন। তবে ২৭ বছর পর আবার পড়াশোনা করে পরীক্ষায় পাস করার আনন্দ তাকে উচ্ছ্বসিত করেছে।

আমিনুল ইসলাম বলেন, সবার দোয়া চাই। আরও পড়তে চাই।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা বলেন, ৪৭ বছর বয়সেও ধৈর্য ধরে পড়াশোনা করে এইচএসসি পাস করা অত্যন্ত আনন্দের খবর। তার এই সাফল্য বয়স্ক অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। জনপ্রতিনিধি হিসেবে নানা ব্যস্ততার মধ্যেও পড়াশোনায় মনোযোগী হওয়াটা প্রশংসনীয়। তিনি আমিনুল ইসলামের আরও সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন এবং তার পরিবারের জন্য শুভকামনা জানান।