গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (১ নভেম্বর) সকাল থেকে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও তারা বিক্ষোভে নেমেছেন। এতে মহাসড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন।
জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেওয়ার পর সেখান থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। তাদের আন্দোলনের কারণে আশপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করে। পরে হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়।
পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও বিভিন্ন কারখানায় অসন্তোষ অব্যাহত রয়েছে।
তারা আরও জানান, শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। রাতে সড়ক ছেড়ে দিলেও রোববার সকালে আবারও মহাসড়কে অবস্থান নেন তাঁরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা আজও সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।