খুলনায় অস্ত্রের আঘাতে যুবক নিহত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদ থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়িতে আসেন শহীদুল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি নিহতের পরিবারকে জানান।

এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত শহীদুলের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি ও একটি হত্যা মামলা রয়েছে। শনিবার বাড়িতে আসার পর সন্ধ্যার দিকে তিনি বের হয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তি সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।